চান্দিনা
স্থানীয় নির্বাচনে বঞ্চিত ও ত্যাগীদের মনোনয়ন দেবে আ.লীগ

স্থানীয় নির্বাচনে বঞ্চিত ও ত্যাগীদের মনোনয়ন দেবে আ.লীগ
ঢাকা : গত ১২ বছর ধরে দলে ‘বঞ্চনার শিকার’ তৃণমূলের ত্যাগী নেতাদের এবার মূল্যায়ন করবে আওয়ামী লীগ। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দিয়ে তাদের মনোকষ্ট দূর করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ক্ষমতাসীন দলটির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নে বড় পরিবর্তন আসবে। বর্তমান জনপ্রতিনিধিদের বড় অংশ বাদ পড়বেন এবার। চলতি বছর ডিসেম্বরে পৌরসভা ও আগামী বছর মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।সে নির্বাচনগুলোতে মনোনয়ন দিয়ে দলটির প্রাণশক্তি তৃণমূলে প্রাণের সঞ্চার ঘটাবেন দলীয় প্রধান শেখ হাসিনা। শূন্য হওয়া পাঁচটি আসনের উপনির্বাচনে দীর্ঘদিন বঞ্চিত নেতাদের মনোনয়ন দিয়ে তিনি তেমন ইঙ্গিতই দিয়েছেন। আর আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।তৃণমূল নেতাদের অভিযোগ, দল ক্ষমতায় আসার পর থেকে ত্যাগের মূল্যায়ন পাচ্ছেন না দুর্দিনের নেতারা। অন্যদিকে দলে সুবিধাবাদীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।কেন্দ্রীয় নেতারা বলেন, সারা দেশেই খোঁজ নেওয়া হচ্ছে সত্যিকার ত্যাগী কারা কারা, বঞ্চিত এবং সুবিধাবাদী কারা। সেই তালিকা করে বঞ্চিতদের মূল্যায়ন ও সুবিধাবাদীদের বাদ দেওয়া হবে এমন একটি পরিকল্পনা হাতে নিয়েই এগিয়ে যাচ্ছেন দলীয় প্রধান শেখ হাসিনা।তারা আরও বলেন, প্রায় আড়াইশ পৌরসভা ও সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নেতাকর্মীবেষ্টিত নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। সুবিধাবাদী ও কর্মীবিচ্ছিন্ন জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া হবে। এর মধ্য দিয়ে তৃণমূলের ক্ষোভ-বিক্ষোভ দূর হবে এবং দলে ভারসাম্য ফিরে আসবে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা।





