জাতীয়

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে ‘ফ্লু কর্নার’;প্রটেকশন সামগ্রী অপ্রতুল

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে ‘ফ্লু কর্নার’;প্রটেকশন সামগ্রী অপ্রতুল

মো. আবদুল বাতেন।।প্রাণঘাতি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী চিকিৎসায় প্রস্তুত রয়েছে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে রোগীর সেবা প্রদানে পর্যাপ্ত পার্সনাল প্রটেকশন নেই তাদের।

বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে আসা রোগীর চিকিৎসায় জরুরী বিভাগে খোলা হয়েছে ‘ফ্লু কর্নার’। প্রতিদিন হাসপাতালে আসা রোগী দেখা, করোনা উপসর্গ নিয়ে আসা রোগী সনাক্ত করতে নমুন সংগ্রহ এবং করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গ নিয়ে আসা রোগীর চিকিৎসায় হাসপাতালের একটি ট্রেনিং সেন্টারে খোলা হয়েছে আইসোলেশন ইউনিট।

সরেজমিনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায়- জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ‘ফ্লু কর্নারে’ চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। পিপিই পরে হাতে গ্লাভস, মুখে মাস্ক ও চোখে গগজ দিয়ে চিকিৎসা দিচ্ছেন ডাক্তার ও নার্সরা। হাসপাতালের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন নিরাপত্তা পোশাকে।

খোঁজ নিয়ে জানা যায়- ৫০ শয্যা বিশিষ্ট চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চান্দিনা উপজেলা ছাড়াও পাশ্ববর্তী দেবিদ্বার ও বুড়িচং উপজেলার অনেক রোগী আসেন এ হাসপাতালটিতে। যেখানে বহিরবিভাগে প্রতিদিন গড়ে আড়াই থেকে ৩শ রোগীর চিকিৎসা হতো এখন করোনা আতংকে প্রতিদিন গড়ে ৩০-৪০জন রোগীর দেখা মিলছে।

অপরদিকে ৫০ শয্যার হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপের বিপরীতে এখন ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে। মঙ্গলবার পুরো হাসপাতালে রোগী ভর্তি মাত্র ১৮জন।

অপরদিকে করোনা ভাইরাস সতর্কতা নিয়ে হাসপাতালটিতে ১৭জন এমবিবিএস ডাক্তার, ১০জন সাকমো ও ২০জন নার্সের বিপরীতে যে পরিমাণ পার্সনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

সরকারি ভাবে ওই হাসপাতালটিতে মাত্র ৮৫টি পিপিই পোশাক, ৮৫টি মাস্ক, ৮৫টি গ্লাভস ও ১৫টি গগজ প্রদান করা হয়।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক জানান- আমরা যে কোন রোগীর চিকিৎসা দিতে প্রস্তুত রয়েছি। জ্বর-সর্দি-কাশি নিয়ে আসা রোগীদের পৃথক ভাবে দেখার ব্যবস্থা করেছি। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহজনক রোগীর চিকিৎসায় ৪ শয্যা বিশিষ্ট একটি পৃথক আইসোলেশন ইউনিট চালু করেছি। তবে আমাদের পিপিই যা পেয়েছি তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

সূত্র সিএইচ নিউজ

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker