চান্দিনা

চান্দিনার শব্দলপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক গুলিবিদ্ধ

চান্দিনার শব্দলপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক গুলিবিদ্ধ

 

আকিবুল ইসলাম হারেছঃ

 

কুমিল্লার চান্দিনায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহিন মুন্সি (২২) নামে এক যুবক গুলি বিদ্ধ হয়েছে।মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১টায় চান্দিনা উপজেলাধীন বাতঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত শাহিন মুন্সি ওই গ্রামের এমদাদ মুন্সির ছেলে। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী সাজেদা আক্তার জানান, সোমবার (১৮ মার্চ) বিকেলে বাড়ির পাশে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহিন মুন্সির সাথে একই এলাকার ফারুক স্বর্ণকার মেম্বারের ছেলে শামীম এর সাথে ঝগড়া হয়। ওই ওই ঝগড়ার রেশ ধরে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১টায় ফারুক স্বর্ণকারের ছেলে আরও কয়েকজন লোক নিয়ে আমাদের বাড়িতে এসে প্রথম শাহিন মুন্সির বড় বোন অন্তঃসত্তা সালমাকে মারধর করে।

 

এসময় শাহিন মুন্সিসহ বাড়ির লোকজন বাঁধা দিয়ে তাদেরকে ধাওয়া করে। পরবর্তীতে ফারুক মেম্বার, তার ভাই মোর্সেদসহ আরও অনেক লোকজন এসে মারধর শুরু করে এক পর্যায়ে ঘরে ঢুকে দুই রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় তাদের গুলিতে শাহিন পেটে গুলিবিদ্ধ হয়। তার বোন সালমাও আহত হয়। আহত শাহিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো আবুল ফয়সল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত শাহিন এর বড় চাচা শাহজাহান মুন্সি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করছেন।

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker