চান্দিনা
চান্দিনা পৌর নির্বাচনঃপ্রতীক পেলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা,প্রচারণা শুরু
আকিবুল ইসলাম হারেছ।

চান্দিনা পৌর নির্বাচনঃপ্রতীক পেলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা,প্রচারণা শুরু
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারে নেমে পড়েন প্রার্থীরা।শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের সমর্থনে মিছিল করতে দেখা গেছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা নির্বাচন কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।
প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. শওকত হোসেন ভূইয়া নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ আলমগীর খাঁন ধানের শীষ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মনোনীত প্রার্থী মো. জামশেদ আহম্মদ জাকি ছাতা, স্বতন্ত্র প্রার্থী চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শামীম হোসেন জগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী মো. রেজাউল করিম হাত পাখা প্রতীক বরাদ্দ পান। একই দিনে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, আজ থেকে ভোটের যুদ্ধ মাঠে চলে যাচ্ছে। ভোটের মাঠকে কোনোভাবেই ঘোলাটে করতে দেব না।ভোট একটি উৎসব। এ উৎসবকে মলিন হতে দেব না। আচরণবিধির বাইরে যেতে দেব না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।





