জাতীয়
ফেসবুকে না লেখার শর্তে ছাড়া পান আশরাফ মাহাদী

ফেসবুকে না লেখার শর্তে ছাড়া পান আশরাফ মাহাদী
ফেসবুকে লিখবেন না—এই প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেয়েছেন আশরাফ মাহাদী। তিনি ইসলামী ঐক্যজোটের একাংশের সাবেক চেয়ারম্যান ফজলুল হক আমিনীর নাতি। গত ৬ জুলাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন তিনি। ঠিক যেখান থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়, অপহরণকারীরা দুদিন পর সেখানেই তাঁকে ফেলে যায়।
প্রথম আলোকে এসব কথা জানিয়েছেন আশরাফ মাহাদীর বাবা মাওলানা জসিম উদ্দিন।আশরাফ নিখোঁজ হওয়ার ঘটনায় জসিম উদ্দিন লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। গতকাল রোববার রাতে প্রথম আলোকে তিনি বলেন, তাঁর ছেলে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ২৫ জুলাই আশরাফ মিসরের উদ্দেশে ঢাকা ছাড়েন। বাংলাদেশের অভিবাসন কর্তৃপক্ষ দুবাই থেকে তাঁকে ফিরিয়ে আনে। তাঁর ছেলের নামে দলেরই আরেকটি ছেলে মামলা করেছিলেন। সেই মামলায় তাঁকে চট্টগ্রামের একটি আদালতে উপস্থাপন করা হয় গত ২৮ জুলাই। ওই দিনই আদালত তাঁকে জামিন দেন। ওই মামলায় আসামি ছিলেন নয়জন। তাঁদের মধ্যে শুধু আশরাফকেই গ্রেপ্তার করা হয়।





