জাতীয়

জঙ্গি আস্তানা’য় আত্মসমর্পণকারী দুই নারী রিমান্ডে।

নসিংদীর মাধবদীর ‘জঙ্গি’ আস্তানায় আত্মসমর্পণকারী দুই নারী খাদিজা পারভীন ওরফে মেঘলা (২৫) ও ইশরাত জাহান মৌসুমী ওরফে মৌকে (২৪) সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

 

আজ বৃহস্পতিবার নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাহিদুর রহমান নাহিদ তাদের রিমান্ডের আদেশ দেন।

 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করে জানান, দুই জঙ্গি আস্তানায় দুজনের নিহত ও দুজনের আত্মসমর্পণের ঘটনায় মাধবদী থানায় দুটি মামলা করা হয়। আজ পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুটি দায়ের করে। মাধবদীতে জঙ্গি আস্তানায় আত্মসমর্পণকারী দুই নারী মেঘলা ও মৌকে আজ বিকেলে আদালতে হাজির করে তাদের ১৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে দুজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

রিমান্ডে নেওয়া মেঘলা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পশ্চিম বেলতৈল এলাকার বাসিন্দা ও মৌ পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস এলাকার বাসিন্দা।

 

গত সোমবার নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুটি বাড়ি ঘিরে রাখে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। মঙ্গলবার সকাল ১০টায় বিল্লাল মিয়ার বাড়িতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সিটিটিসি ও সোয়াত টিম অভিযান শুরু করে। ছয় ঘণ্টার এই অভিযান শেষ হয় বিকেল ৪টায়। অভিযান শেষে আব্দুল্লাহ ও আকলিমার লাশ উদ্ধার করা হয়। তবে তারা পুলিশের গুলিতে মারা গেছেন নাকি নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে মারা গেছেন তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

 

এদিকে, গতকাল বুধবার নরসিংদীর মাধবদীতে জঙ্গি আস্তানা থেকে দুই নারী আত্মসমর্পণ করেন বলে জানান সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম। এর আগে ওই আস্তানায় অবস্থানরত জঙ্গিদের আত্মসমর্পণে মাইকিং করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker