জাতীয়জেলার খবর

চমেকেও করোনা পরীক্ষা শুরু

চমেকেও করোনা পরীক্ষা শুরু

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার সকালে পরীক্ষামূলক নমুনা টেস্টের মধ্য দিয়ে ল্যাবের কার্যক্রম শুরু হয়। এখন থেকে রোগীর সংগৃহিত নমুনা এ ল্যাবে পরীক্ষা করা হবে।

 

আজ চমেকে চালুর মধ্য দিয়ে এখন থেকে চট্টগ্রামের তিনটি প্রতিষ্ঠানের ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা হবে। এর প্রায় দুই সপ্তাহ আগে চালু করা হয়েছিল চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে। আর ২৫ মার্চ থেকে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে প্রথম করোনা পরীক্ষা শুরু হয়েছিল।

চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ শামীম হাসান বলেন, শুধুমাত্র চট্টগ্রাম মহানগর এলাকার করোনা পরীক্ষা হবে এ ল্যাবে। এর ফলে কোনো পরীক্ষার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। বিভিন্ন এলাকা/হাসপাতাল থেকে নমুনা সংগ্রহের পর ল্যাবে প্রেরণ করবে। পরীক্ষা শেষে সংশ্লিষ্টদের ফলাফল জানিয়ে দেওয়া হবে। কলেজে সরাসরি কোনো নমুনা সংগ্রহ করা হবে না।

 

সকাল সাড়ে ১১টায় চমেকের এ ল্যাব উদ্বোধন করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। কলেজের মাইক্রোবায়োলজি অ্যান্ড ভাইরোলজি বিভাগে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ শামীম হাসান, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী প্রমুখ।

 

চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, আজকে প্রথম দিন কয়েকটি নমুনা পরীক্ষা করা হয়েছে। রবিবার থেকে পুরোদমে করোনা নমুনা পরীক্ষা শুরু হবে।

জানা যায়, গত ৩ মে চমেকে স্থাপন করা পিসিআর মেশিনে ক্রুটি ধরা পড়ায় অনিশ্চিত হয়ে পড়ে এ ল্যাবে করোনা পরীক্ষা। পরে ক্রুটিপূর্ণ মেশিনটি ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরের দিন ৪ মে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার অনুরোধে সিভাসু থেকে একটি পিসিআর মেশিন সাময়িকভাবে চমেকে দেওয়া হয়।

 

কালেরকন্ঠ অনলাইন

৯ এ মে ২০২০

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker