
পুলিশের ভূমিকায় ছাত্রলীগ নেতা অভি;ইয়াবাসহ যুবককে পুলিশে সোপর্দ
আকিবুল ইসলাম হারেছঃ
“পুলিশই জনতা,জনতাই পুলিশ” প্রতিপাদ্য এ কথাটি কাগজে কলমে থাকলেও সচরাচর এমন টা হয় না। তবে এমনই একটি ঘটনা ঘটিয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি।
যখন ঝামেলার ভয়ে অনেকেই মামলার স্বাক্ষীও হতে চায় না দেশে। এমন বহু ঘটনা প্রায় সকলেরই জানা।স্বাক্ষীর অভাবে বহু অপরাধী আইনের ফাঁক গলিয়ে বেড়িয়ে আসে জেল থেকে। ঘুরে বেড়ায় মুক্ত খোলা আকাশের নিচে। সেখানে একজন সাধারণ ছাত্র বা সচেতন নাগরিক গুরুতর কোনো অপরাধীকে ধরতে নিজেই যখন আইনের রক্ষক বা পুলিশের ভুমিকায় অবতীর্ণ হয় তখন আশ্চর্য না হয়ে উপায় আছে!
সোমবার(২০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য বাসে ওঠেন চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াসিন অভি। কক্সবাজার থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটিতে খুব বেশী যাত্রী ছিলো না, পেছনের দিকের বেশ কিছু সিট খালি থাকায় বসে হেডফোনে গান শুনছিলেন তিনি। বাসটি মেঘনা অতিক্রম করার পর তার অপর দিকের সামনে বসা এক যাত্রী বারবার এদিক সেদিক তাকিয়ে সিটের নিচে হাত দিচ্ছিলেন।
লোকটির আচরণ সন্দেহ জনক হওয়ায় গভীরভাবে লোকটিকে পর্যবেক্ষণ করতে থাকেন অভি। বাসটি কাঁচপুর ব্রিজের কাছে এলে একটি প্যাকেট সিটের নিচ থেকে বের করে প্যান্টের ভেতরে ঢোকানোর সময় অভি নিজের সিট ছেড়ে উঠে হাত চেপে ধরেন লোকটির। প্যাকেটে কি আছে জানতে চাইলে উত্তেজিত হয়ে জানায় টাকা আছে। দেখতে চাইলে উল্টো তার পরিচয় জানতে চায় লোকটি। তবে কিছুতেই প্যাকেট দেখাতে রাজি হচ্ছিলনা লোকটি। এক পর্যায়ে জোর করেই প্যাকেটটি তার হাত থেকে নিলে লোকটি গাড়ি থেকে পালানোর চেষ্টা করে। ব্যার্থ হয়ে বিভিন্ন ভাবে মোটা অংকের টাকার প্রলোভন ও নানা প্রস্তাবও দেয় অভী’কে। ব্যার্থ হয়ে হাতে পায়ে ধরে মিনতি শুরু করে।
প্যাকেট খুলে দেয়া যায় প্যাকেট ভর্তি ইয়াবা! গাড়ির সুপারভাইজার ও অপর এক যাত্রীর সহযোগিতায় একটি পুরোনো কাপড় দিয়ে ইয়াবা পাচারকারী যাত্রীটির হাত বেঁধে ফেলেন চান্দিনার সাহসী ছাত্রলীগের এই নেতা। পরে যাত্রাবাড়ী এলে গাড়ি থেকে নামিয়ে ইয়াবা সহ মাদক পাচারকারীকে টেনে নিয়ে হাজির হন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে। বিস্তারিত খুলে বলা হলে সত্যতা স্বীকার করে কক্সবাজারের বাসিন্দা মাদক কারবারি লোকটি। গণনা করে দেখা যায় ৩ হাজার পিছ ইয়াবা রয়েছে সেখানে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানতে চাইলে, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াসিন অভি নিজের পরিচয় দেন। ছাত্রলীগ নেতার এমন সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিটি নাগরিক এমন সচেতন ও সৎ সাহসী হলে শুধু মাদক নয় সকল অপরাধই কমে যাবে দেশে। ছাত্রলীগ নেতা অভি’র ভূয়সী প্রশংসা করে তাকে আপ্যায়ন শেষে বিদায় করেন। গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।





