জাতীয়
‘অমনোনীতদের নির্বাচনী মাঠ থেকে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর’

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে যারা মনোনয়ন পাবেন না, তাদেরকে নির্বাচনের মাঠ থেকে সরানোর নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ওই সূত্র জানায়, আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদককে ডেকে এ নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তার নির্দেশনায় বলেছেন, এসব নেতাদের নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে। না হলে এরা যত প্রচারণা চালাবে তত দলে বিভক্তি সৃষ্টি হবে।এদিকে আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, দলটি ইতোমধ্যেই ৩০০ আসনের জন্য মনোনয়ন তালিকা চূড়ান্ত করে ফেলেছে। ওই তালিকা থেকে কিছু ১৭৫জনকে সবুজ সংকেতও পাঠানো হয়েছে। তবে অনেকেই নিজেদের প্রচারণা চালানোর ফলে সবুজ সংকেত পাওয়া প্রার্থীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তবে একটি বিশেষ টিম সারাদেশ থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দলীয় সভাপতির কাছে জমা দিয়েছেন। যে প্রতিবেদনে বিভিন্ন ধরনের তথ্য উঠে এসেছে। যেমন- আওয়ামী লীগের মধ্যেই দলীয় কোন্দল তৈরি হয়েছে। তারা নিজেরাই কঠিন ভাষায় নিজেেদের সমালোচনা করছেন। তাই দলটির পক্ষ থেকে মাঠ পর্যায়ে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। বিদ্রোহীদের মাঠ খালি করতে বলা হয়েছে। এসব চলতে থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেয়া হয়েছে। এদিকে ঢাকা থেকে মনোনয়ন দাবি করছেন অনেক নেতাই। তারা বিশাল বিশাল বিলবোর্ড, পোস্টার লাগিয়ে নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব ব্যানার ফেস্টুন নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কেউ সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে পোস্টার করলে দলের আপত্তি নেই। তবে নিজেকে প্রার্থী দাবি করে নৌকা মার্কায় ভোট চাইলে, তাতে বাঁধা দেয়া হবে।সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, নির্বাচনে বিএনপি কীভাবে অংশ নেবে, বিরোধী জোটেরা কী ভাবছে এসব বিবেচনা করে বাকি আসনগুলোতে প্রাথী বাছাই করা হবে। শরিকদের আসনগুলোও এখনো চূড়ান্ত হয়নি বলেও সূত্র জানিয়েছে।





