জাতীয়
যে কারণে থানা ছেড়ে খোলা আকাশের নিচে অফিস করেন এই ওসি

দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ ইতিহাসের পাতায় বাংলাদেশ পুলিশের রয়েছে অনন্য অবদান। তবে কিছু সংখ্যক অসাধু পুলিশের অপতৎপরতার কারণে দেশের মানুষের মধ্যে এক ধরনের পুলিশ ভীতি কাজ করে। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেকেই থানা পুলিশের কাছে যেতে ভয় পান।সাধারণ মানুষের পুলিশ ভীতি দূর করতে অসাধারণ এক উদ্যোগ নিয়েছেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক রহমান। জনগণের কাছাকাছি যাওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগের কয়েকটি ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। এরপরই তার এই প্রশংসনীয় উদ্যোগটি ভাইরাল হয়ে যায় ফেসবুকে। বিভিন্ন গ্রুপ এবং পেজে তার পোষ্ট তুলে দিয়ে পুলিশকে নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন সাধারণ মানুষ।পুলিশ কর্মকর্তা আশিক রহমান কয়েকটি ছবিসহ ফেসবুকে পোষ্ট দেন, ‘ওসির রুমে ঢুকতে সাধারন মানুষ ভয় পায়। অনেকে দালাল শ্রেনির লোক কিংবা নেতা নিয়ে থানায় আসেন। জনগনের সেই পুলিশ ভীতি কাটাতে নিজ কক্ষ ছেড়ে থানার সামনে খোলা আকাশের নিচে অফিস শুরু করলাম। সেবা জনগনের নিশ্চত করতে আর কি করা যেতে পারে সে বিষয়ে কমেন্টস করলে অনুসরণের চেষ্টা করবো।’অনেকেই এই পুলিশ কর্মকর্তার অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা অাশিকুর রহমানের দেশের বাড়ি নীলফামারি জেলার ডিমলা উপজেলায়। তিনি বলেন, ‘পুলিশের কাজ হচ্ছে জনগণের সেবা করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু দু:খের হলেও সত্য যে, সাধারণ মানুষ পুলিশের কাছে আসতে ভয় পায়।’তিনি বলেন, ‘মানুষ যেহেতু থানার ভেতরে ওসির রুমে যেতে ভয় পায়। তাই আমি বাইরে অফিস করছি। যাতে মানুষের পুলিশ ভীতি দূর হয়। আমার থানার যেকোন মানুষ যেন কোন ভয়ভীতি ছাড়াই আমার কাছে এসে তাদের সমস্যার কথা বলতে পারে সেটাই আমি চাই। আমি প্রমাণ করতে চাই পুলিশ জনগণের বন্ধু।’আশিকুর রহমানের এই উদ্যোগে ভালো সাড়া পড়েছে। অনেকেই নির্ভয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এসে বিভিন্ন অভিযোগ-অনুযোগ জানাচ্ছেন। অনেকেই তার ফেসবুক পোষ্টে ইতিবাচক কমেন্ট করছেন। অনেকে আবার কোন কারণ ছাড়া কোন সাধারণ মানুষকে হয়রানি করা, থানায় পুলিশের উৎকোচ গ্রহণ করার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন। সূত্র: 24 লাইভ নিউজ পেপার





